[email protected] বৃহঃস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩

তৃতীয় টার্মিনাল প্রকল্পের মামলায় তারিক সিদ্দিককে তলব করল দুদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬:৫২ পিএম

সংগৃহীত ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার তদন্তে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামী ৭ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র এ সংক্রান্ত নোটিশ জারি করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারার আওতায় তার বক্তব্য গ্রহণের জন্য এ নোটিশ দেওয়া হয়েছে।

 

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর অধীনে থাকা ৮৩ নম্বর মামলায় তারিক সিদ্দিককে ডাকা হয়েছে। মামলাটি ২০২৫ সালের ২৭ জানুয়ারি দায়ের করা হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, তৃতীয় টার্মিনাল সম্প্রসারণ প্রকল্প থেকে প্রায় ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তার বক্তব্য প্রয়োজন।

 

মামলার এজাহার অনুযায়ী, তারিক আহমেদ সিদ্দিকসহ কয়েকজন ব্যক্তি যোগসাজশের মাধ্যমে প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। একই মামলায় সাবেক সরকারি কর্মকর্তা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কয়েকজন প্রতিনিধিকেও আসামি করা হয়েছে।

 

দুদকের তথ্যমতে, ২০২৫ সালের ২৭ জানুয়ারি দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় প্রায় ৮১২ কোটি টাকার অনিয়মের অভিযোগ আনা হয়, যার মধ্যে তৃতীয় টার্মিনাল প্রকল্পের ২৫০ কোটি টাকার অভিযোগও রয়েছে।

 

এজাহারে বলা হয়েছে, তৃতীয় টার্মিনাল প্রকল্পের কাজ এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)কে দেওয়া হলেও পরবর্তীতে একটি প্রতিষ্ঠানকে সাব-কন্ট্রাক্টর হিসেবে যুক্ত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। একই সঙ্গে প্রকল্পের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছিল বলে অভিযোগে বলা হয়।

 

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই তারিক সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরও চারটি মামলা করে দুদক। ওই মামলাগুলোতে সম্পদ ও ব্যাংক লেনদেন সংক্রান্ত নানা অভিযোগও তদন্তাধীন রয়েছে।

 

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। পরবর্তীতে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করে দুদক।

এসআর

সম্পর্কিত খবর