ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে
সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার পতেঙ্গার কমিশনার ঘাটা, দক্ষিণ পাড়া ও বাটারফ্লাই রোড এলাকায় আয়োজিত সচেতনতামূলক অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্দেশ দেন যে, প্রতি তিন দিনে এক দিন জমে থাকা পানি ফেলে দিতে হবে। এ ছাড়া বাসাবাড়ি, ছাদ, ফুলের টব, ড্রাম ও নির্মাণাধীন স্থান নিয়মিত পরীক্ষা করার ওপর জোর দেন তিনি।
মেয়র জানান, থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার লার্ভা যাতে বংশবৃদ্ধি না করতে পারে, সেজন্য জমে থাকা পানি দ্রুত অপসারণ করাই কার্যকর সমাধান। মশক নিধনে চসিক কর্মীদের গাফিলতি থাকলে নাগরিকরা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। তিনি প্লাস্টিক, পলিথিন ও ডাবের খোসা যত্রতত্র ফেলা বন্ধের অনুরোধ জানান। চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নগরবাসীর যৌথ পদক্ষেপে ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যু শূন্যে নামিয়ে আনা সম্ভব। কর্মসূচিটিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও স্থানীয কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর