সরকারি দাপ্তরিক চিঠিপত্র, নথি ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের নাম বা পদবির আগে প্রচলিত সম্মানসূচক শব্দ ব্যবহারের রীতি বাতিল করেছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই পরিপত্রে নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদবির আগে ‘মহামান্য’ এবং প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহারের প্রচলন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং তাদের অধীন দপ্তরগুলোকে সরকারি নথি তৈরি ও দাপ্তরিক যোগাযোগের সময় এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
এ ছাড়া নির্দেশনাটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রধান তথ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও দপ্তরে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এসআর