দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের মতো একটি বিশেষায়িত ও শক্তিশালী বাহিনী প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বিলের ওপর বক্তব্য দিতে গিয়ে বাবর বলেন, অতীতে র্যাব নিয়ে নানা নেতিবাচক অভিজ্ঞতা তৈরি হওয়ায় বিরোধী দলের সদস্যরা বর্তমান সমস্যাগুলোকে গুরুত্ব দিচ্ছেন। তবে বাহিনীটি প্রতিষ্ঠার পর প্রাথমিক পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যে সাফল্য দেখিয়েছিল, সেটিও বিবেচনায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, বিশেষায়িত বাহিনীর কার্যক্রম পরিচালনায় দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তার দাবি, বিএনপি সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে র্যাবকে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।
বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশীয় কিংবা বিদেশি ইন্ধনে সংঘটিত সন্ত্রাসী হামলা মোকাবিলায় এমন একটি বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
র্যাবের পরিবর্তে এসআরবি গঠনের প্রসঙ্গে বাবর বলেন, এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি সরাসরি বাহিনীর নাম বা কাঠামো পরিবর্তনের বিষয়ে অবস্থান নেননি। তবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নতুন নামে এসআরবি গঠনকে তিনি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তাসংশ্লিষ্ট অনেক বিষয় প্রকাশ্যে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি বিশেষায়িত বাহিনী থাকা জরুরি। তাই প্রস্তাবিত বিলটি বর্তমান সময়ে সমর্থন করা উচিত। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এর বিধান পর্যালোচনা ও সংশোধনের সুযোগও থাকবে।
এসআর