দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের সুরক্ষার জন্য র্যাবের মতো বিশেষায়িত বাহিনীর
গুরুত্ব তুলে ধরেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান রহমান বাবর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬'-এর ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
বাবর উল্লেখ করেন, বিরোধী দলের সদস্যরা কেবল বিগত ১৫ বছরের দুঃশাসন দেখলেও অতীতের সফলতার কথা ভুলে গেছেন, যখন ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা মোকাবিলা, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় র্যাবের ভূমিকা সর্বস্তরে প্রশংসিত হয়েছিল। তিনি স্পষ্ট করেন যে, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নির্দেশে র্যাবকে কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। তিনি আরও জানান, পূর্বে র্যাব পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর আলোচনার সাথে তিনি দ্বিমত পোষণ করে বাহিনীর প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি দিয়েছিলেন।
বর্তমানে দেশে অব্যাহত বোমা হামলা এবং পার্শ্ববর্তী দেশের তৎপরতার প্রেক্ষাপটে রাষ্ট্রের গভীর সুরক্ষার স্বার্থেই র্যাবের বিকল্প হিসেবে প্রস্তাবিত এসআরবি গঠনের গুরুত্ব অপরিসীম। পরিশেষে, তিনি বিরোধী দলীয় সদস্যদের আশ্বস্ত করে বিলটি সমর্থনের আহ্বান জানান এবং প্রয়োজনে পরবর্তীতে সংশোধনীর সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।
এসআর