ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কর পরিশোধের বিষয়ে দায়ের করা রিটের রুল খারিজ করে আদালত এ নির্দেশ দেন। এর ফলে সংশ্লিষ্ট তিন অর্থবছরের কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা আদায়ের সুযোগ পেল এনবিআর।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবিকৃত ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্ট। ওই সময় বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ রায়টি প্রত্যাহার করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের কাছে আয়কর দাবি করে এনবিআর। ওই কর দাবি চ্যালেঞ্জ করে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার নতুন হাইকোর্ট বেঞ্চ সেই রুল খারিজ করে দেন। ফলে সংশ্লিষ্ট করবর্ষগুলোর জন্য এনবিআরের নির্ধারিত আয়কর গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায়ে আর আইনি বাধা থাকল না।
এসআর