রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পেছনের একটি
পুরোনো চারতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে সংবাদ পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটির ছাদে জমা করে রাখা পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন অবস্থান করায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজ পরিচালনা করছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসআর