পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বাহিনীটির সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
মঙ্গলবার (২৫ আগস্ট) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপপরিচালক ও পরিচালকের পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি অনুযায়ী আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ইবাদত, সালাত, জিকিরসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব আয়োজন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব।
নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় নিয়মিত টহল বাড়ানো হয়েছে। একই সঙ্গে সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে। ধর্মীয় অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে। ঝুঁকি বিবেচনায় কিছু স্থানে আগাম সদস্য মোতায়েনের ব্যবস্থাও রাখা হয়েছে।
স্থানীয় পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং নাগরিক নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী যাতে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা, নাশকতা কিংবা অন্য কোনো অপতৎপরতা চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
উসকানিমূলক বা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
জরুরি কোনো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নিতে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে।
এসআর