[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৬ ১:৫২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের নির্দিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

একই সঙ্গে এসব এলাকায় অস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকর দ্রব্য বহনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন চলাকালে সংসদ ভবন ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


নির্দেশনা অনুযায়ী, ২৬ আগস্ট রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে নির্ধারিত এলাকাগুলোতে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর বা দূষণ সৃষ্টিকারী দ্রব্য বহন করা যাবে না।

পাশাপাশি কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা কিংবা বিক্ষোভও করা যাবে না।
ডিএমপির বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরোনো বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা।

এছাড়া বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা রয়েছে।


এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরোনো ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি ও পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।


জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লিখিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথও এ আদেশের আওতাভুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এসআর

সম্পর্কিত খবর