বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও আধুনিক, বিশ্বাসযোগ্য ও মানুষের আস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বড় পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কাজী জেসিন।
কাজী জেসিনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিটিভির বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন ছিল। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে—এমন অভিযোগও রয়েছে।
এর ফলে দর্শকদের একটি অংশের মধ্যে বিটিভির প্রতি আস্থার সংকট তৈরি হয়। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তন করে বিটিভিকে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।
তিনি জানান, বিটিভিকে কেবল আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া নয়, বরং প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, মানসম্মত ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর।
বিটিভির মহাপরিচালক আরও বলেন, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও প্রতিষ্ঠান সংস্কার নিয়ে নানা আলোচনা হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে আলাদা কোনো স্লোগান না দিয়ে বাস্তব পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন বলে তিনি মনে করেন।
কাজী জেসিন বলেন, দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠানকে নতুন কাঠামো ও ভাবনায় সাজানো সহজ নয়। তবে এ উদ্যোগ একই সঙ্গে চ্যালেঞ্জিং ও আনন্দের। লক্ষ্য বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
পোস্টের শেষাংশে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এই উদ্যোগে সবার সহযোগিতা, শুভকামনা ও দোয়া কামনা করেন মহাপরিচালক কাজী জেসিন।
এসআর