[email protected] মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ৮:৪৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক অভিনন্দনবার্তায় শি জিনপিং বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


বার্তায় চীনা প্রেসিডেন্ট বাংলাদেশ ও চীনকে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে আসছে। পাশাপাশি উভয় দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ ও উদ্বেগের বিষয়গুলোতেও সহযোগিতা অব্যাহত রয়েছে।


শি জিনপিং বলেন, নিজেদের আধুনিকায়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ ও চীন পরস্পরের সঙ্গে কাজ করেছে। আন্তর্জাতিক পরিস্থিতিতে নানা পরিবর্তন ও চ্যালেঞ্জ এলেও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দৃঢ় রয়েছে।


বাংলাদেশ-চীন সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয় উল্লেখ করে শি জিনপিং বলেন, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করতে এবং কৌশলগত যোগাযোগ বাড়াতে তিনি আগ্রহী।


অভিনন্দনবার্তায় তিনি উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদারের পাশাপাশি বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক যোগাযোগ, বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।


শি জিনপিং আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে বাংলাদেশ ও চীনের অভিন্ন ভবিষ্যতের অংশীদারত্ব আরও শক্তিশালী হবে এবং এর সুফল দুই দেশের জনগণ আরও বেশি উপভোগ করতে পারবেন।

এসআর

সম্পর্কিত খবর