[email protected] মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৬ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রম নিয়ে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ট্রাস্টের বর্তমান কার্যক্রম, এর উদ্দেশ্য এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে শিক্ষা থেকে ঝরে পড়া কমাতে প্রতিষ্ঠানটির ভূমিকা তুলে ধরা হয়।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে চলমান বিভিন্ন সহায়তা কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের জন্য চালু করা সার্বজনীন উপবৃত্তি কর্মসূচির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

ওই কর্মসূচির ফলে মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়েছিল বলে বৈঠকে উল্লেখ করা হয়।

এসব অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এ জন্য সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন কাঠামো এবং শিক্ষাক্ষেত্রে ও সমাজে এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে একটি বিস্তারিত প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অন্যদিকে, ছেলেদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

বৈঠকে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি নিয়েও আলোচনা করা হয়।

বিশেষ করে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল কর্মসূচির ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিগুণ এবং নিরাপদভাবে খাবার প্রস্তুত ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন।

তিনি খাবার অবশ্যই পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত করার পাশাপাশি এ ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশনা দেন।

মিড-ডে মিল কর্মসূচি বাস্তবায়নে ব্যয় নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনার সক্ষমতা, স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং খাবারের মান পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে দুটি সম্ভাব্য পদ্ধতি নিয়েও আলোচনা হয়।

প্রতিটি পদ্ধতির বাস্তব কার্যকারিতা ও ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর