শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নারী শিক্ষায় গতি আনতে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত
সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে শিক্ষা সহায়তার চলমান কার্যক্রম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চালু হওয়া উপবৃত্তি কর্মসূচির সামাজিক ও শিক্ষাগত প্রভাব নিয়ে বিস্তর আলোচনা করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার মানের পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষার ওপর জোর দিয়ে বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড-ডে মিল চালুর বিষয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেন, খাদ্যের মানের বিষয়ে কোনো আপস করা যাবে না। মিড-ডে মিলের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কার্যকর বাস্তবায়নে দুটি বিকল্প পদ্ধতির প্রস্তাব করা হয়েছে, যা যাচাই করতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনসহ সরকারের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর