পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পররাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব পালনে সহায়তা করবেন।
দায়িত্ব অনুযায়ী, হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো দেখভাল করবেন। পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী যেসব অতিরিক্ত দায়িত্ব নির্ধারণ করবেন, সেগুলোও তার অধীনে থাকবে।
অন্যদিকে শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের মধ্যে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের বিষয়।
এ ছাড়া তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সামুদ্রিক সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক কূটনীতি এবং ক্রীড়া কূটনীতি-সংক্রান্ত বিষয়ও দেখভাল করবেন।
পরিপত্রে বলা হয়েছে, দায়িত্ব বণ্টনের এ সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে। নতুন এ দায়িত্ব বণ্টনের আদেশ জারির দিন থেকেই কার্যকর হয়েছে।
এসআর