[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

পরিবার নিয়ে বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ৫:০৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গভবনের বাসভবনে উঠেছেন।

রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে পৌঁছে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দাপ্তরিক দায়িত্বও শুরু করেন।


রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২ এলাকায় বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। এরপর ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।


পরে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।


আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গভবনের নিজ কার্যালয়ে যান। সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।


এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী হিসেবে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে থাকতেন।

এসআর

সম্পর্কিত খবর