তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ হবে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে পরিচালনা
(রেগুলেট) করা, কোনোভাবেই তা নিয়ন্ত্রণের (কন্ট্রোল) দিকে নিয়ে যাওয়া নয় বলে জানিয়েছেন নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। রোববার সকালে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই নীতিগত অবস্থানের কথা জানান।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রথম কর্মদিবসে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন তিনি। পরে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি দেশের ক্ষতি মেরামত করে একটি নতুন ব্যবস্থা গড়ে তোলা এবং একটি শক্ত নৈতিক অবস্থান থেকে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।
অনুষ্ঠানে তিনি জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। প্রথম দিন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআর