কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল থেকে তিন দিন বন্ধ থাকার পর আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে টার্মিনালটি চালু করা হয়।
শুরুতে ঘণ্টায় প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, নতুন একটি এলএনজি কার্গো নির্ধারিত সময়ের এক দিন আগে, শনিবার টার্মিনালে পৌঁছায়। এর পরই গ্যাস সরবরাহ পুনরায় শুরু করা সম্ভব হয়।
নতুন কার্গো আসায় দুই টার্মিনাল মিলিয়ে এলএনজিভিত্তিক গ্যাস সরবরাহ বেড়ে প্রায় ৬৮৬ এমএমসিএফডিতে দাঁড়িয়েছে।
এর মধ্যে সামিটের টার্মিনাল থেকে প্রায় ৫৮০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ হচ্ছে। পেট্রোবাংলা জানিয়েছে, মধ্যরাতের মধ্যে জাতীয় গ্রিডে আরও প্রায় ৩০০ এমএমসিএফডি গ্যাস যুক্ত হতে পারে। সব মিলিয়ে দেশে গ্যাস সরবরাহ বর্তমানে প্রায় ২ হাজার ৩০০ এমএমসিএফডি।
পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে আরও এলএনজি কার্গো আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সেটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সরবরাহ চালু হলেও এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় ১৯ আগস্ট থেকে আবারও গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
এসআর