দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ নির্দেশ বাস্তবায়নে ব্যর্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চাঁদাবাজদের পাশাপাশি তাদের পেছনে থাকা গডফাদার, দাগি আসামি ও সন্ত্রাসীদের বিষয়েও নজর রাখা হচ্ছে। শুধু চাঁদাবাজদের তালিকা নয়, এসব কর্মকাণ্ডের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে তালিকাভুক্ত করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিশেষ করে ঢাকা মহানগরসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। যারা দায়িত্ব পালনে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালে মন্ত্রীদ্বয় চিকিৎসকদের কাছ থেকে আহত চিকিৎসক ডা. আসাদুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন। তার দ্রুত সুস্থতা কামনা করে চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তারা।
এর আগে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এসআর