[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ২:১১ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের সদস্যপদ হারিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার সংসদীয় আসনটি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট শাখার সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

প্রজ্ঞাপনে বলা হয়, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকেই তার সংসদীয় আসন শূন্য হয়েছে।

শূন্য আসনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে আসনটিতে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রজ্ঞাপনের একটি অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া বিষয়টি অবহিত করে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসআর

সম্পর্কিত খবর