[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৬ ২:০৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার দেয়। বাজানো হয় বিউগলের করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন মির্জা ফখরুল।

এরপর তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

এসআর

সম্পর্কিত খবর