[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

মন্ত্রিসভায় আসছেন পার্থ, পেতে পারেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৬ ৭:১৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই অনুষ্ঠানে আন্দালিব রহমান পার্থেরও শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যার পর মন্ত্রিসভায় প্রথম দফার রদবদল হতে যাচ্ছে। এ পরিবর্তনের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে।

বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তার পদটি শূন্য হবে।

নতুন করে মন্ত্রিসভায় চারজনকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। তাদের মধ্যে আন্দালিব রহমান পার্থ ও আবদুল মঈন খান ছাড়াও রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এদিকে আন্দালিব রহমান পার্থের মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সাউদ। তিনি জানান, পার্থকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো তথ্য পাননি।

মন্ত্রিসভায় রদবদলের ফলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী জহির উদ্দিন স্বপনের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী আফরোজা খানম (রিতা) অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ার বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টি নিয়ে তারাও বিস্তারিত জানার চেষ্টা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত শেষ মুহূর্তে জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে সাচিং প্রু জেরী জানিয়েছেন, তাকে ফোন করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ছিল ৫০। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।

পাশাপাশি প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন; তবে তারা মন্ত্রিসভার আনুষ্ঠানিক সদস্য নন।

মন্ত্রিসভার নতুন রদবদলের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর