দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
এ উপলক্ষে বঙ্গভবনে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। ভোটে তিনি ২৫৫টি ভোট পান।
তার প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩টি ভোটের মধ্যে ছয়জন ভোট দেননি।
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন। পরে রাতে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আন্তর্জাতিক মহলের প্রতিনিধিরা।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।
বিএনপির মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা এই প্রবীণ নেতা এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
রাষ্ট্রপতি পদটি মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক দায়িত্বকেন্দ্রিক হলেও রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার সাংবিধানিক ভূমিকা রয়েছে।
এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার বিকেল থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ থাকবে বলে জানানো হয়েছে।
শপথ গ্রহণের পর বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাংবিধানিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
এসআর