আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী।
সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে নিহত হন তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।
এ ছাড়া বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের, তাঁর সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিন আহমেদ, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও ওই হত্যাকাণ্ডে নিহত হন।
একই রাতে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনির বাসায়ও হামলা চালানো হয়।
তাঁরা দুজনই নিহত হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলায় তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ আরও কয়েকজন প্রাণ হারান।
ওই সময় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
দীর্ঘদিন ধরে ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল।
এ উপলক্ষে সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে। বর্তমানে সেই সিদ্ধান্তই বহাল রয়েছে।
এসআর