বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
এক শুভেচ্ছাবার্তায় অধ্যাপক ইউনূস নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।
বার্তায় তিনি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করেন। পাঁচ দশকের বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং বিভিন্ন সংকটময় সময়ে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে বলে উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।
তিনি আরও বলেন, শিক্ষাবিদ ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে মির্জা ফখরুলের নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রপতি পদটির মর্যাদা আরও সমুন্নত করবে বলে তিনি প্রত্যাশা করেন।
অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে।
নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এসআর