[email protected] শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে যোগ্য ব্যক্তি বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৬ ১০:৫২ পিএম

সংগৃহীত ফাইল

নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আসার পর তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল।

একই সঙ্গে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে উপযুক্ত ও যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।

পোস্টে তিনি বলেন, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দীর্ঘ সময় পর একজন যোগ্য ব্যক্তিকে পাওয়া যাচ্ছে।

এর আগে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা কয়েকজনের সমালোচনা করে আসিফ নজরুল দাবি করেন, গত দুই দশকে গুরুত্বপূর্ণ এই পদে এমন ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন, যাদের যোগ্যতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল।

তাদের কারও মধ্যে দক্ষতার ঘাটতি ছিল, আবার কারও বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সরকারের সময় বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল কঠিন পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছেন।

এ সময়ে তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং রাজনৈতিকভাবে ত্যাগ স্বীকার করেছেন।

মির্জা ফখরুলের ব্যক্তিত্ব ও রাজনৈতিক অবস্থানেরও প্রশংসা করেন আসিফ নজরুল।

তার ভাষ্য অনুযায়ী, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন ব্যক্তিত্বসম্পন্ন, মধ্যপন্থী, ভদ্র এবং দক্ষ বক্তা হিসেবে পরিচিত।

পোস্টে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসিফ নজরুল।

তিনি বলেন, স্পিকার পদে সিদ্ধান্ত নেওয়ার পর রাষ্ট্রপতি পদেও উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ।

সবশেষে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের জন্য অত্যন্ত যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল আশা প্রকাশ করেন, তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি একজন যোগ্য ব্যক্তির হাতে যাবে।

এসআর

সম্পর্কিত খবর