[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ৫:১৩ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই ভোটের মধ্য দিয়ে সংসদ সদস্যরা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেন।

দুপুর ২টায় সংসদ কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ দলের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেন।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার বিপরীতে প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সংসদ সদস্যরা।

তবে অসুস্থতার কারণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভোট দিতে পারেননি।

ভোট গণনা শেষে জাতীয় সংসদ ভবনেই রাষ্ট্রপতি নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করার কথা রয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ফল ঘোষণা করবেন। পরে গেজেট প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয়েছিল ১৯৯১ সালে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি পদে ভোট হলো।

বর্তমান সংসদে মোট ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন। এর মধ্যে সাধারণ ও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা রয়েছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সদস্যপদ হারানোর বিধান রয়েছে।

এর আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় পদটি শূন্য হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

এ লক্ষ্যে নির্বাচন কমিশন গত ৬ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

এসআর

সম্পর্কিত খবর