দুর্যোগের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও জীবিকা সুরক্ষার পাশাপাশি নিরাপদ, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
তিনি বলেন, মানুষের কল্যাণকে সামনে রেখে সরকার কাজ করছে। ভবিষ্যতেও জনগণকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবিলা এবং দেশের উন্নয়নের কার্যক্রম আরও জোরদার করা হবে।
মন্ত্রী বলেন, দেশের উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে।
এসব দুর্যোগে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়েন উপকূলের মানুষ। সংকটের সময়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সবসময় তাদের পাশে রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে দেশের ১১টি উপকূলীয় জেলার জন্য ১১টি রেসকিউ বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইদা শিনিচি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইফুল ইসলাম এবং জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ মিজ জনকো তাকাশি।
অনুষ্ঠানে উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবিলায় উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে নতুন রেসকিউ বোটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
এসআর