রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মনোনয়নপত্রে মির্জা ফখরুলের প্রস্তাবক হিসেবে রয়েছেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে আছেন গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।
বৈঠক শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দলের সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।
রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
অন্যদিকে, সংসদের বিরোধী দল হিসেবে পরিচিত ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে জোটের নেতারা নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দুই পক্ষের প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হয়েছে।
এসআর