মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করে দেশটির দেওয়া বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের নিজস্ব পরিচয় রয়েছে এবং প্রত্যাবাসনের সময় সেই পরিচয়ই বিবেচনায় নেওয়া হবে। মিয়ানমারের মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা ইতিবাচক হয়েছে বলেও জানান তিনি। রাষ্ট্রদূত বিষয়টি তার সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে মিয়ানমার সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতাও প্রয়োজন। চীনও মিয়ানমারের সঙ্গে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় চাপ প্রয়োগের আশ্বাস দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি মিয়ানমারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক চাপের পরিবর্তে দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
মিয়ানমারের ওই বক্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়নি কেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, প্রতিটি বিষয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানালেই যে সমাধান হবে, বিষয়টি এমন নয়। কার্যকর ফল পাওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখা হচ্ছে।
এসআর