বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে যে সতর্কতার কথা বলা হয়েছে, তা অনুমানের ভিত্তিতে তৈরি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনো প্রতিবেদনটি নিজে পড়েননি। তবে গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এতে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা অনুমাননির্ভর বলে মনে হচ্ছে।
তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে কোনো পর্যবেক্ষণ থাকতে পারে। তবে পুরো প্রতিবেদন না দেখে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, কোনো প্রতিবেদন বা পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করা জরুরি। বিশেষ করে জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে অনুমানের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
সভায় ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
এসআর