[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

ট্রেড লাইসেন্স নবায়নে অর্থ নেওয়ার অভিযোগ, ডিএসসিসির সুপারভাইজার অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৩:৪০ পিএম

সংগৃহীত ছবি

ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য টাকা নেওয়ার পরও সেবা না দেওয়া এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে তার বিরুদ্ধে কেন প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) ডিএসসিসির বিভিন্ন আদায় শাখা ও অঞ্চল-৪-এর কর কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।


দাপ্তরিক চিঠির তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ডিএসসিসির যৌথ উদ্যোগে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট এবং ট্রেড লাইসেন্স-সংক্রান্ত সেবা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।


সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভূট্টো অভিযোগ করেন, গত ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত অনস্পট ট্রেড লাইসেন্স ক্যাম্পে দায়িত্ব পালনকালে সুপারভাইজার মোস্তফা নূরউদ্দিন আহমেদ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ২০২৫-২৬ অর্থবছরের ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য নগদ অর্থ নেন।


অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পর দেড় মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও লাইসেন্সগুলো নবায়ন করা হয়নি। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা একাধিকবার যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সেবা পাননি এবং তাদের বিভিন্নভাবে সময়ক্ষেপণ করা হয়েছে।


ব্যবসায়ীদের অভিযোগ শুনে ডিএসসিসির প্রশাসক তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর