[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩

ভুয়া নিয়োগপত্রে প্রতারণা, চাকরিপ্রার্থীদের সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৩:৩৪ পিএম

সংগৃহীত ফাইল

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ আদেশ তৈরি করে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র।

চাকরি দেওয়ার কথা বলে অর্থ আদায়ের এমন অপতৎপরতা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে তৈরি করা একটি অফিস আদেশ সম্প্রতি কর্তৃপক্ষের নজরে আসে।

ওই নথিতে মো. রেদুয়ান আহমেদ নামের একজনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

১০ আগস্ট তারিখের ওই ভুয়া আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদে একজনকে সরকারি বিধি মেনে নিয়োগ দেওয়া হয়েছে।

সেখানে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন স্কেলের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে নিয়োগটি ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে বলেও দাবি করা হয়।

তবে প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলাম জানিয়েছেন, তার শাখা থেকে এমন কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি। অর্থাৎ নথিটি সম্পূর্ণ ভুয়া।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, গণমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত নিয়োগ পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না করে সরাসরি সরকারি পদে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই।

তাই চাকরির আশ্বাসে কোনো ব্যক্তি বা প্রতারক চক্রকে টাকা দেওয়া কিংবা তাদের সঙ্গে আর্থিক বা অন্য কোনো চুক্তিতে না জড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

নিয়োগের জন্য অনলাইনে আবেদন নেওয়ার পাশাপাশি পরীক্ষাসহ বিভিন্ন ধাপের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হয়ে থাকে।

এ ছাড়া নিয়োগ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।

এসব নিয়মিত প্রক্রিয়া থাকা সত্ত্বেও চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও অফিস আদেশ তৈরি করছে।

চাকরির বিষয়ে কোনো তথ্য জানতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসরণ এবং সেখানে প্রকাশিত বিজ্ঞপ্তির ওপর নির্ভর করার জন্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এসআর

সম্পর্কিত খবর