আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনে ভোট দেওয়ার অধিকার থাকছে সংসদের ৩৪৯ জন সদস্যের।
বুধবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালটে প্রার্থীর নাম লিখে ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের পর তা প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে এরই মধ্যে জাতীয় সংসদে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলের প্রতিনিধি, নির্বাচন কমিশনের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।
চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ও প্রত্যাহারের জন্য ১৮ আগস্ট সময় নির্ধারণ করা হয়েছে। ওই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এবং একই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
তিনি আরও বলেন, ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী এখনো চূড়ান্ত করা হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেওয়ার পর দলের পক্ষ থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
ইসির তফসিল অনুযায়ী, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এসআর