[email protected] বুধবার, ৫ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগ: ব্যবস্থার দাবিতে ১২৩০ নাগরিকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৬ ৫:৩৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত

 ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক একটি যৌথ বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত এই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা রয়েছেন।

​'মূল্যবোধ আন্দোলন'-এর মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাতের পাঠানো বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের যে ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। বিবৃতিতে ওই ঘটনার সঙ্গে জড়িত একজন ব্যক্তির লিঙ্গপরিচয় ও 'ট্রান্সজেন্ডার' পরিচয় সম্পর্কেও বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

​বিবৃতিদাতারা উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের স্পষ্ট উল্লেখ রয়েছে এবং ২০১৪ সালে হিজড়া জনগোষ্ঠীকে পৃথক লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও ‘ট্রান্সজেন্ডার’ নামে কোনো স্বতন্ত্র লিঙ্গের আইনগত স্বীকৃতি নেই। তাঁরা আরও দাবি করেন, দণ্ডবিধির ৩৭৭ ধারার আলোকে সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।

​বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, রাষ্ট্রীয় আইনের প্রয়োগে অন্যান্য ক্ষেত্রে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলেও ঢাকেশ্বরী মন্দিরে সংঘটিত বলে দাবি করা এ ঘটনার এক সপ্তাহের বেশি সময় পার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। দেশের মানুষ ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল। অভিযোগের যথাযথ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্বাক্ষরকারীদের পূর্ণাঙ্গ তালিকা 'মূল্যবোধ আন্দোলন'-এর (mullobodh.com) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ৩৮ জন অধ্যাপক, ২৪ জন সহযোগী অধ্যাপক ও ৪৫ জন সহকারী অধ্যাপকসহ বিভিন্ন স্তরের ১ হাজার ২৩০ জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেছেন।

​বিবৃতিতে স্বাক্ষরকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন— ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ, ধানমন্ডি মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব মুফতি সাইফুল ইসলাম, পল্লবী মাসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ও আইইউবির অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আসিফ মাহতাব উৎস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার, সাবেক সচিব নুরুল আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলফিকার হাসান খান।

​এছাড়াও স্বাক্ষর করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালমা বেগম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর পারভেজ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারেক ফজল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ মাকসুদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, আইইউবির অধ্যাপক ড. মো. কাফিউল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামসুন নাহার মিতুল, জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সময় টিভির হেড অব ইসলাম মুফতি আবদুল্লাহ তামিমসহ অনেকে।

এসআর

সম্পর্কিত খবর