রাজধানীর মিরপুর-১-এর শাহ আলী কাঁচা বাজারে এক যৌথ সমন্বিত অভিযান পরিচালনা
করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) পরিচালিত এই অভিযানে ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি ও অসুস্থ খাসির কলিজা জব্দ ও ধ্বংস করা হয়। সেই সঙ্গে মাছ ও মাংসের দোকানে ক্রেতাদের বিভ্রান্ত করতে ব্যবহৃত লাল লাইট তাৎক্ষণিকভাবে অপসারণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উপপরিচালক বি এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কৃষি বিপণন অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি করপোরেশন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাজারের বিভিন্ন মাছ, মাংস, মুরগি, শাকসবজি ও মুদি দোকানে পর্যবেক্ষণ করে বেশ কিছু অনিয়ম চিহ্নিত করা হয়। এর মধ্যে কয়েকটি দোকানে বিক্রির জন্য রাখা প্রায় ৪০ কেজি চিংড়িতে ক্ষতিকর জেলি পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে জব্দ ও ধ্বংস করা হয়। এ ছাড়া একটি মাংসের দোকানে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রায় ১ কেজি অসুস্থ খাসির কলিজা শনাক্ত করে তা-ও বিনষ্ট করা হয়।
তদারকিতে আরও দেখা যায়, বাজারের অধিকাংশ দোকানে দৃশ্যমান কোনো মূল্য তালিকা ছিল না। পাশাপাশি মাছ ও মাংসের কৃত্রিম আকর্ষণ তৈরিতে যে লাল লাইট ব্যবহার করা হয়েছিল, সেগুলো তাৎক্ষণিকভাবে নামিয়ে ফেলা হয়।
বাজারের এসব ত্রুটি ও অনিয়ম আগামী ৩০ দিনের মধ্যে সংশোধন করার জন্য বাজার মালিক সমিতিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব সমস্যার সমাধান না করা হলে পরবর্তী অভিযানে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
এসআর