আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো এ আমন্ত্রণ ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান। তিনি বলেন, আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করার পর তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এ জোটের সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কয়েকটি আমন্ত্রিত দেশও বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কথিত ফোনালাপের বিষয়ে বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তিনি জানান, বিষয়টি সত্য প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় তদন্ত করবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের একজন উচ্চপর্যায়ের কূটনীতিকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে
এসআর