[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১২:২৭ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

​বৈঠকের শুরুতে গিলবার্ট এফ হোংবো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। এই বাস্তবতায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং দেশের শ্রম খাতের সার্বিক উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে।

​প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য মহাপরিচালককে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একটি শ্রমিকবান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

​সাক্ষাৎকালে আইএলও মহাপরিচালক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও বিশ্বস্ততার একটি বড় স্বীকৃতি হিসেবে অভিহিত করেন। পাশাপাশি খুব অল্প সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের অন্যান্য কূটনৈতিক সাফল্যেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। গিলবার্ট এফ হোংবো আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে।

​বৈঠকে উভয় পক্ষ শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে দেশের তৈরি পোশাক খাতের টেকসই অগ্রগতি, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের অর্জিত সাফল্য নিয়ে কথা হয়। শ্রম খাতের চলমান সংস্কার কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

​এছাড়া, বৈঠকে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা, একটি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থা গড়ে তোলা এবং বিদেশগামী কর্মীদের কারিগরি দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

​এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) মো. কামরুজ্জামান, বাংলাদেশে আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স তুনোঁ এবং আইএলও সদর দপ্তর জেনেভার মহাপরিচালকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিতোমি নাকাগোমে।

এসআর

সম্পর্কিত খবর