[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

২০১৮ সালের নির্বাচন: ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১১:৫১ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবসরে পাঠানো কর্মকর্তারা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁদের প্রত্যেকের সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

তবে এ ধরনের অবসরের ক্ষেত্রেও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তা অবসর-সংক্রান্ত সব প্রাপ্য আর্থিক সুবিধা পাবেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক মহলে নানা বিতর্ক ছিল।

সে সময় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী এসব কর্মকর্তা পদাধিকারবলে নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করেছিলেন।

এসআর

সম্পর্কিত খবর