[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩

১৮০ দিনের কাজের হিসাব জনগণকে জানাবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৬ ১২:৫৭ পিএম

সংগৃহীত ফাইল

সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম, অগ্রগতি এবং সীমাবদ্ধতা পর্যালোচনা করা হচ্ছে।

এই সময় শেষে সরকারের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই তুলে ধরতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে এ কাজের জন্য একটি কমিটি রয়েছে।

তিনি নিজেও ওই কমিটির সদস্য। প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি খুঁটিয়ে দেখা হচ্ছে। ১৮০ দিনের মূল্যায়ন শেষে প্রধানমন্ত্রী জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা এবং পরবর্তী পরিকল্পনা তুলে ধরবেন।

রেল খাতের অগ্রগতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনি ইশতেহারে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের পরিধি বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ নামে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে।

বাণিজ্য খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, প্রায় এক বছরের আলোচনার পর বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তির আওতায় বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিকভাবে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। একইভাবে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগের অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশন দেশে প্রথমবারের মতো বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপন করেছে। প্ল্যান্টটি পুরোপুরি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে বর্জ্যকে বিকল্প জ্বালানিতে রূপান্তরের পাশাপাশি বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে একটি কার্যকর বৃত্তাকার অর্থনীতির ভিত্তি তৈরি করা সম্ভব হবে।

সমাজকল্যাণ খাতের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে গত ১০ মার্চ কর্মসূচিটির কার্যক্রম শুরু হয়। জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন।

তথ্য উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ধাপে ধাপে তথ্য সংগ্রহের পর আগামী ১০ অক্টোবর থেকে সারাদেশে ৪১ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড জনগণের সামনে প্রধানমন্ত্রীর তুলে ধরার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এসআর

সম্পর্কিত খবর