[email protected] সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সোমবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৬ ৯:৪১ পিএম

সংগৃহীত ফাইল

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সোমবার
নিজস্ব প্রতিবেদক


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে দুই পক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে।


গত সপ্তাহে দিল্লি থেকে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এর মধ্যেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর এ বৈঠক হলো।
বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকের পর আলোচনার বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


এর আগে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা হলে অনেক জটিলতার সমাধান সম্ভব। তার ভাষ্য, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে এবং আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর ইতিবাচক সমাধান করা সম্ভব।


প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সোমবার সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই হবে দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাৎ।


দীনেশ ত্রিবেদীর নিয়োগ
গত এপ্রিল মাসে ভারত সরকার ঢাকায় তাদের ১৬তম হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেয়। বাংলাদেশে ভারতের কূটনৈতিক প্রতিনিধিত্বের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলপথে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী।

এসআর

সম্পর্কিত খবর