দেশের রাজনৈতিক অঙ্গনে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামে নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে দলটি আত্মপ্রকাশ করেছে বলে জানানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারীদের উদ্যোগেই এ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছে।
অনুষ্ঠানে মুহাম্মদ উল্লাহ মধুকে দলের সম্পাদক এবং ইকবাল হোসেন (সাম্য শাহ)কে মুখপাত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি ৩৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ঘোষণাও দেওয়া হয়, যেখানে ২১ জন সংগঠক ও ১৪ জন সদস্য রয়েছেন।
দলের ঘোষণাপত্র পাঠ করেন মুখপাত্র ইকবাল হোসেন। ঘোষণাপত্রে বলা হয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং জুলাই গণ-অভ্যুত্থানকে তারা রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করে।
একই সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নেতারা দাবি করেন, জুলাই-পরবর্তী সময়ে যে রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি হয়েছিল, তা পুরোপুরি বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
সেই প্রেক্ষাপটে জনগণের অংশগ্রহণভিত্তিক একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’-এর যাত্রা। এ উদ্যোগে দেশপ্রেমিক নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ সম্ভাবনার কেন্দ্রবিন্দু তরুণ সমাজ এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে তাদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বক্তব্য দেন নুরুল হক নূর। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট এখনো পুরোপুরি কাটেনি এবং বিদেশি প্রভাবের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিদ্বেষ ও গালাগালিনির্ভর রাজনীতি থেকে তরুণদের দূরে রেখে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব নতুন প্রজন্মের রাজনৈতিক সংগঠনগুলোর ওপর রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, শেখ রফিকুল ইসলাম বাবলু, সিনিয়র আইনজীবী মোহাম্মদ মোহসিন রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা।
এসআর