জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তিন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা এবং প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপহার পাওয়া ব্যক্তিদের হাতে এসব যানবাহন তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থা, পারিবারিক পরিস্থিতি ও জীবিকার বিষয়ে খোঁজ নেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আজিজ শেখ একটি সিএনজি অটোরিকশা পেয়েছেন। তিনি মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সিএনজি চালিয়ে নিজের ও পরিবারের খরচ চালান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন আজিজ। তাঁর শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কুষ্টিয়ার আলমডাঙ্গার বাসিন্দা মো. গফফার পেয়েছেন দুটি প্যাডেলচালিত রিকশা। আন্দোলনের সময় রাজধানীর মহাখালী এলাকায় অংশগ্রহণকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহত ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কথা জানান তিনি।
গফফার বলেন, উপহার পাওয়া একটি রিকশা নিজে ঢাকায় চালিয়ে আয় করবেন এবং অন্যটি ভাড়ায় দেবেন।
এদিকে বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা। কর্মসংস্থানের অভাবে দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিলেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেওয়া যানবাহনগুলো কীভাবে ব্যবহার করা হবে, তা সরেজমিনে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্টদের নিরাপদে এসব যানবাহন নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এসআর