[email protected] শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩

ফ্যাসিবাদ রোধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পানি সম্পদ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৬ ৭:৫৮ এএম

সংগৃহীত ছবি

সস্তা রাজনীতি ও অযথা বিভাজনের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি যাতে আবারও মাথাচাড়া দিয়ে

 উঠতে না পারে, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক দলগুলোর মধ্য বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ পরিবেশের প্রশংসা করেছেন তিনি।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে 'জুলাই গণঅভ্যুত্থান' স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন ও সংঘাত তৈরি হলে তা ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ সুগম করতে পারে। বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বৈরিতা বা দ্বন্দ্ব না থাকার বিষয়টিকে ইতিবাচক আখ্যা দিয়ে তিনি বলেন, এই পরিবেশ দেশের অন্যান্য স্থানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগ জাতি গঠনে সঠিকভাবে ধারণ করার ওপর বিশেষ জোর দেন।

​সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হলে বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বৈচিত্র্যের দোহাই দিয়ে কোনো অনৈক্য না বাড়িয়ে শিষ্টাচার চর্চার মাধ্যমে একটি সাম্যভিত্তিক সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

​আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, জাকসু নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর