দেশের ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক ও ভৌত নিরাপত্তা জোরদার করা এবং সাইবার অপরাধ
দমনে একজোট হয়ে কাজ করার যৌথ ঘোষণা দিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩), বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ‘কাজেমী সেন্টারে’ অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ‘টাউন হল মিটিংয়ে’ যৌথভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে র্যাবের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মানিলন্ডারিং, সাইবার ক্রাইম, হ্যাকিং, অনলাইন জুয়া এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সম্পর্কিত অপরাধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যাংকিং ব্যবস্থার কোনো প্রকার অপব্যবহার রোধ করা এবং সাধারণ গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করতে 'ই-কেওয়াইসি' (e-KYC) পদ্ধতি শতভাগ বাধ্যতামূলক করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে সংস্থাগুলো। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই পদক্ষেপের ফলে যেকোনো ভুয়া বা বেনামি অ্যাকাউন্ট পরিচালনা স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হবে।
এসআর