[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

হাসিনাকে দেশে ফেরার আহ্বান, রাজপথে দেখা হবে- ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ৬:৩০ পিএম

সংগৃহীত ছবি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশত্যাগ করা আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে জনগণের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, “আমরা অপেক্ষা করছি। দেশে আসুন, ইনশাআল্লাহ রাজপথেই দেখা হবে।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের দেখভাল করা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি উল্লেখ করেন, যারা দৃষ্টিশক্তি বা অঙ্গ হারিয়েছেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

সরকার জনগণের ভোটে নির্বাচিত উল্লেখ করে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান, সরকারের কোনো ভুল বা ত্রুটি হলে তা গঠনমূলকভাবে তুলে ধরতে।

একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার অতীতের মতো কোনো কর্তৃত্ববাদী পথে হাঁটতে চায় না।

আওয়ামী লীগের সমালোচনা করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম, গুম, খুন, নির্যাতন, অর্থপাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটির মধ্যে অনুশোচনার অভাব রয়েছে।

এসব ঘটনার জন্য তাদের আত্মসমালোচনা দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে ২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং এখন ৮২ বছর বয়সেও দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকতে প্রস্তুত।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে জনগণের শাসন ও গণতন্ত্রকে স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।

এসআর

সম্পর্কিত খবর