[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩

গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৬ ১২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর কেবল ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন নয়; এটি বাংলাদেশের দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ও সংগ্রামেরও প্রতিফলন হিসেবে কাজ করবে।

তাঁর মতে, এ জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করবে।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এই জাদুঘরে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সংগ্রাম এবং আত্মত্যাগের নানা দিক সংরক্ষিত থাকবে।

পাশাপাশি অতীতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনগুলোর ইতিহাসও এখানে তুলে ধরা হবে, যা নতুন প্রজন্মকে দেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

তিনি আরও বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সংগ্রাম ও ত্যাগের ঘটনাগুলো সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব।

এ ধরনের উদ্যোগ ইতিহাস বিকৃতির সুযোগ কমাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ইতিহাস জানতে সহায়তা করবে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণে রাখবে।

একই সঙ্গে তিনি অতীতে স্বৈরাচার ও দমন-পীড়নের বিভিন্ন ঘটনার কথাও উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর