জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে
আগামী সেপ্টেম্বর মাসে বহুতল ভবন নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জানান, আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্পের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় নির্মিত ১৪টি বহুতল ভবনে শহীদ ও গুরুতর আহতদের আবাসন ব্যবস্থা করা হবে, যা সর্বোচ্চ তিন বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী এই উদ্যোগকে জুলাই যোদ্ধাদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার প্রতীকী প্রকাশ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, জুলাই আন্দোলনে হতাহত গেজেটভুক্তদের জন্য সরকার ইতোমধ্যেই নিয়মিত ভাতা, চিকিৎসা সাহায্যসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি ব্যক্তিগত ও রাজনৈতিক স্থান থেকেও তাদের সহযোগিতা করা হচ্ছে।
গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিনের আন্দোলন, নির্যাতন, গুম, ভোটাধিকার হরণ এবং কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তীব্র হয়ে ওঠা জনঅসন্তোষের চূড়ান্ত রূপ। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই ৫ আগস্টের ঐতিহাসিক মুহূর্তটি তৈরি হয়েছিল।
জুলাই সনদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, সরকার সংসদে আলোচনার মাধ্যমে এর প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আন্দোলনকারীদের অবদান জাতি কখনো ভুলবে না উল্লেখ করে তিনি বলেন, শহীদ ও আহত পরিবারগুলো যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে, রাষ্ট্র সেই দায়িত্ব আন্তরিকতার সাথেই পালন করছে।
এসআর