[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ আগষ্ট ২০২৬ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নিয়মিত সংলাপ ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার গুরুত্বও তুলে ধরা হয়।

আলোচনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৫ আগস্ট শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যের বিষয়টিও উঠে আসে।

এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন এ বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।

তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের কার্যক্রম দুই দেশের বিদ্যমান ইতিবাচক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

জবাবে ভারতের হাইকমিশনার জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার পাশাপাশি এ বিষয়ে যথাযথভাবে নজর রাখা হবে।

বৈঠকের শেষে উভয় পক্ষ মত দেন যে, পারস্পরিক আস্থা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমেই দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব।

এসআর

সম্পর্কিত খবর