রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি
হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের সার্বিক তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। এর আগে রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ২৯ মিনিটে সূর্যোদয় হবে।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পৃথক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে কোনো নদীবন্দরের জন্য বিশেষ সতর্কবার্তা নেই এবং কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।
এসআর