চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা।
রোববার (২ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই মাসে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
সেই তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৫ দশমিক ৪ শতাংশ।
এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে দেশে রেমিট্যান্স এসেছিল প্রায় ২৮২ কোটি মার্কিন ডলার। ফলে জুনের তুলনায় জুলাইয়েও প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) বৈধ চ্যানেলে মোট ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার।
এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৫২৬ কোটি ডলার, যা প্রবৃদ্ধির হিসেবে ১৭ দশমিক ৩ শতাংশ। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, হুন্ডি প্রতিরোধে নেওয়া পদক্ষেপ, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহ, নগদ প্রণোদনা এবং ব্যাংকিং সেবার সম্প্রসারণের কারণে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
এসআর